২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, পুলিশ প্রত্যাহার

যশোরের চৌগাছা উপজেলায় একটি দোকানে ইয়াবা ট্যাবলেট রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে পুলিশের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।  

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2016, 08:28 PM

Updated : 11 Oct 2022, 08:57 PM

বুধবার দুপুরে চৌগাছা বাজারে এ ঘটনাটি ঘটেছে বলে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আক্তার জানান।

চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন বলেন, দুপুরে চৌগাছা থানার এএসআই সিরাজুল ইসলাম উপজেলা শহরের মেইন রোডের ‘সুপার ইলেক্ট্রিক অ্যান্ড ভ্যারাইটিজ’ নামে একটি দোকানে এক ব্যক্তিকে (পুলিশের সোর্স) পাঠিয়ে সেখানে দশটি ইয়াবা ট্যাবলেট রেখে আসতে বলেন। ওই সময় সিরাজুল দোকানের অদূরে অপেক্ষা করছিলেন।

“সোর্স দোকান ইয়াবা ট্যাবলেট থেকে বের হলেই এএসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল শরজেত দোকানে যান।”

সিরাজুল দোকান মালিক রাবণ কুমারকে ‘ইয়াবা রাখার অপরাধে’ আটক করে নিয়ে চাইলে রাবনের চেঁচামেচি শুনে পাশের দোকানের মালিক-কর্মচারীরা এগিয়ে আসেন বলে জানান ইবাদৎ।।

এ সময় দোকান মালিক রাবণ কুমার মাদকের কারবার করেন না এবং এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন, বলেন ইবাদৎ।

ইবাদৎ বলেন, তখন স্থানীয় ব্যবসায়ীরা দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করার পরামর্শ দেন। ফুটেজ দেখার সময় এএসআই সিরাজ ও তার সোর্স দোকান থেকে পালাতে চেষ্টা করলে উপস্থিত জনতা সিরাজকে পিটুনি দেওয়া শুরু করলে তিনি ও কনস্টেবল শরজেত দৌড়ে পালিয়ে যান।

এরপর ক্ষুব্ধ ব্যবসায়ীরা এএসআই সিরাজের শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আক্তার জানান, সংবাদ পেয়ে তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় চৌগাছা পৌরসভার মেয়র নূরউদ্দীন আল মামুন হিমেল ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের শান্ত হতে অনুরোধ করেন। তারা ‘ঘটনার বিচার হবে’ বলে আম্বাসে ব্যবসায়ীদের শান্ত করেন।

এ ঘটনায় এএসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল শরজেতকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান পরিদর্শক মারুফ।