লিপু হত্যায় গ্রেপ্তার মনিরুল ৪ দিনের রিমান্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিপু হত্যায় গ্রেপ্তার তার রুমমেট মনিরুল জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
বুধবার রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালত-১ বিচারক মকসেদা আজগর এ আদেশ দেন।
গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পাশের নালা থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই পুলিশ লিপুর রুমমেট মনিরুল ইসলামকে আটক করলেও তিনদিন পর গ্রেপ্তার দেখায়।
মনিরুল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে লিপু বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহন বলেন, বুধবার দুপুরে মনিরুলকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
