ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে কিশোরীর চুল কর্তন
গাইবান্ধা সদর উপজেলায় ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে বিতণ্ডার জেরে এক কিশোরীর চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর কিশোর ছেলে ও তার সঙ্গীরদের বিরুদ্ধে।
শনিবার উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর ইটলির ভিটা গ্রামে এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান।
মামলার পর পুলিশ দুই কিশোরের বাবাকে আটক করেছে।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার ছাগলে ফসল খাওয়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এর জেরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ক্ষেত মালিকের বোন ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে ছাগলের মালিকের কিশোর ছেলে ও তার সঙ্গীরা মেয়েটির পথরোধ করে।
“তারা তাকে চড়-থাপ্পড় মেরে ঘড়ি, গলার চেইন ছিনিয়ে নেয় এবং মাথার চুল কেটে দেয়। খবর পেয়ে ওই কিশোরীর পক্ষের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।”
এ নিয়ে ছয় জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানান তিনি।
