রাবির লিপু হত্যার তদন্ত ও বিচার দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও শোক শোভাযাত্রা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে ঝিনাইদহ জেলা সমিতি।
শনিবার বেলা ১১টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বিভাগের প্রভাষক আব্দুলাহীল বাকী বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজ শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ নয়। সবচেয়ে নিরাপদ জায়গা এবং শিক্ষার্থীদের আশ্রয়স্থল আবাসিক হলে একের পর এক শিক্ষার্থী খুন হচ্ছে।
“বিশ্ববিদ্যালয়ে এ যাবৎ যতগুলো হত্যা হয়েছে তার একটিরও বিচার হয়নি। হত্যাকারীরা বুঝে গেছে বিশ্ববিদ্যালয়ে নিরাপদে খুন করা যায়।”
তিনি বলেন, লিপুর মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাফনের কাপড় ও একটি কফিন দিয়েছে। মনে হচ্ছে, তারা কাফন, কফিন আগে থেকেই প্রস্তুত করে রেখেছিল।
“কিন্তু আমরা হত্যাকাণ্ডের পরের প্রস্তুতি নয়, হত্যাকাণ্ড বন্ধের প্রস্তুতি দেখতে চাই। কারণ, আমরা কাফন পরতে বা কফিনে শুতে আসিনি।”
যদি এই ঘটনাগুলো ঘটতেই থাকে, তাহলে কেউ নিরাপদ নয়, বলেন তিনি।
বিভাগের সহকারী অধ্যাপক মো. শাতিল সিরাজ বলেন, লিপুকে তার হলের ভিতর হত্যা করা হলো, অথচ হলের প্রহরী-নিরাপত্তাকর্মী কেউই বিষয়টি দেখল না। লিপুকে যখন হত্যা করা হয় ওই সময় হলের নিরাপত্তাকর্মীরা কোথায় ছিল, তারা কী করছিল এসব জানা দরকার।
বিশ্ববিদ্যালয়ের পুরো নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
লিপুর সহপাঠী রাইসা জান্নাত বলেন, “আমরা ক্যাম্পাসে এসেছি পড়াশোনা করতে; অথচ আমাদের বারবার মৃত্যু দেখতে হচ্ছে। আমরা লাশ হয়ে ফেরার জন্য এখানে আসিনি। আমরা ভালো নেই, আমাদের মা-বাবা ভালো নেই, তারা সবাই চিন্তিত। আমরা এ আতঙ্ক থেকে মুক্তি চাই।”
বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদ রিন্টু বলেন, “আমি লিপুর মায়ের কাছে কোনো উত্তর দিতে পারিনি। তার মা আমাকে বলেছিলেন- ‘তোমরা এর বিচার করো বাবা, বিচার করো’। আমরা বিচার চাই, বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
মানববন্ধন শেষে এক শোক শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে লিপু হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ জেলা সমিতি।
গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) নবাব আব্দুল লতিফ হলের ডাইনিং-এর ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। ওইদিন লিপুর চাচা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
