২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ‘ধর্ষণ’, মায়ের পরের স্বামী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মায়ের পরের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2016, 06:11 PM

Updated : 20 Aug 2022, 02:01 PM

শনিবার সকালে টঙ্গীর ভাড়া বাসা থেকে বাদশা মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

বাদশা ঢাকার মগবাজারের টিএন্ডটি কলোনির বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে। 

এ ঘটনায় শিশুটির মা (বাদশার স্ত্রী) টঙ্গী থানায় একটি মামলা করেছেন।

মামলায় বলা হয়, মেয়েটির বাবা মারা যাওয়ার পর তার মা বাদশা মিয়াকে বিয়ে করেন। পরে মেয়েসহ তারা টঙ্গীর একটি ভাড়া বাড়িতে ওঠে। মেয়েটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

টঙ্গী থানার এসআই মো. মাহমুদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মেয়েটির মা শনিবার সকাল ৮টার দিকে বাসা থেকে কর্মস্থলে যান। এ সুযোগে তার মেয়েকে বাদশা মিয়া ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে এবং বাদশা মিয়াকে ধরে পুলিশে দেয়।

মেয়েটির মা জানান, গত বুধবারও (১৯ অক্টোবর) বাদশা মিয়া খালি বাড়িতে নানা প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণ করে এবং কাউকে ওই ব্যাপারে কিছু বলতে বারণ করে। ঘটনা ফাঁস হলে মা-মেয়েকে খুন করার হুমকি দেয় বাদশা।

টঙ্গী থানার ওসি মো. ফিরোজ মিয়া জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিক্টিমকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।