রাজশাহীতে কুপিয়ে যুবককে হত্যা
ঈদগাহের জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহীর তানোরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শনিবার উপজেলার মুণ্ডুমালা ঈদগাহ মাঠের সামনে এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলে তানোর থানার ওসি মীর্জা আব্দুস সালাম জানান।
নিহত আশরাফুল ইসলাম রুবেল (২৮) মুণ্ডমালা পৌরসভার গৌরাঙ্গপুর গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে।
আটককৃতরা হলেন নিহতের প্রতিবেশী মোনতাজ আলী (৫৫) ও তার ছেলে আবদুল্লাহ বাবু (৩০)।
ওসি সালাম বলেন, ঈদগাহের জমি নিয়ে আবদুর রশিদ মাস্টারের সঙ্গে মোনতাজ আলীর বিরোধ চলছিল। শনিবার সকালে মাঠের সামনে জমি নিয়ে রুবেলের সঙ্গে মোনতাজের ছেলে বাবু ও জামাতা আতাউর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে রুবেলকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনার পর পরই মুণ্ডুমালা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে মোনতাজ ও তার ছেলে বাবুকে আটক করে।
লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
