২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কর্মীকে হত্যা

ঢাকার আশুলিয়ায় এক নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2016, 05:15 PM

Updated : 20 Aug 2022, 01:59 PM

আশুলিয়া থানার এসআই মোরশেদ আলী মোল্লা জানান, বৃহস্পতিবার সকালে বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে ফাতেমা আক্তারের (৩১) লাশ উদ্ধার করা হয়।

ফাতেমা আশুলিয়ার জামগড়া এলাকার সবুজ হোসেনের স্ত্রী। স্থানীয় পলমল পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

ময়ন্তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিডিনিজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই মোরশেদ বলেন, পারিবারিক কলহের জেরে বুধবার রাতের কোনো এক সময় ফাতেমাকে গলা টিপে হত্যার পর লাশ ঘরে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় সবুজ। প্রতিবেশীরা ঘরের মধ্যে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“ফাতেমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি।”

এ ঘটনার পর থেকে ফাতেমার স্বামী সবুজ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।