মোল্লাহাট কাণ্ড: মামলা হত্যাচেষ্টার
বাগেরহাটের মোল্লাহাটে এক গৃহবধূর উপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার মামলা করেছেন তার স্বামী।
প্রায় তিন সপ্তাহ আগে উপজেলার চুনখোলা ইউনিয়নের সোলাবাড়িয়া গ্রামের এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক আলোচনা হয়।
সংখ্যালঘু পরিবারের ওই গৃহবধূকে ভয় দেখিয়ে দিনের পর দিন এক প্রভাবশালী যুবক ধর্ষণ করেছে বলে ফেইসবুকে লেখালেখি হয়।
তবে গৃহবধূর স্বামীর দায়ের করা মামলা ও পুলিশের বক্তব্যে এমন কোনো ঘটনার উল্লেখ নেই। গত ১৩ অক্টোবর সোলাবাড়িয়া গ্রামের সোবহান মোল্লাকে আসামি করে মোল্লাহাট থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, সোলাবাড়িয়া গ্রামের সংখ্যালঘু এক ব্যক্তির সঙ্গে প্রতিবেশী যুবক সোবহান মোল্লার বিরোধ ছিল। এর জেরে গত ৩০ সেপ্টেম্বর রাত ১টার দিকে সোবহান ছোরা নিয়ে কৌশলে ওই ব্যক্তির বসত ঘরে ঢুকে পড়ে।
গৃহকর্তা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হওয়ার সময় সোবহানকে দেখে চিৎকার দেন। ওই সময় সোবহান তার কাছে থাকা ছুরি দিয়ে তাকে ‘হত্যার উদ্দেশ্যে’ কোপ দেয়।
এসময় তিনি সরে গেলে সেই কোপ তার স্ত্রীর ডান পায়ের গোড়ালিতে লেগে গুরুতর জখম হন। গৃহকর্তার ডাকচিৎকার শুরু করলে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে জীবননাশের হুমকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
ওই সময় গৃহকর্তার ডাক চিৎকারে তার দুই ভাই এবং পাশের শাসন গ্রামের নিয়ামত মুন্সি, ইউপি সদস্য মিরাজ শরীফ ও মনির মুন্সি ছুটে যান।
তারা ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।
মোল্লাহাট থানার ওসি খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় চিকিৎসায় ওই গৃহবধূর অবস্থার উন্নতি না হওয়ায় গত বুধবার (১২ অক্টোবর) তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে পাশের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
“পরদিন ওই গৃহবধূর স্বামী থানায় অভিযোগ দিলে আমরা মামলা নিয়েছি। আসামি সোবহান এলাকায় না থাকায় তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।”
ঘটনাটি নিয়ে গণমাধ্যমে যে খবর উঠে এসেছে তা সঠিক নয় বলে দাবি ওসির।
সোবহান মোল্লার বড় ভাই ইসমাঈল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সংখ্যালঘু পরিবারের অবস্থান তাদের বাড়ি থেকে পাঁচশ মিটার দূরে। সেই সুবাদে সোবহানের ওই বাড়িতে আসা যাওয়া ছিল। এক পর্যায়ে ওই গৃহবধূর সঙ্গে সোবহানের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
এক বছরেরও বেশি সময় ধরে এই সম্পর্ক চলছিল বলে ইসমাইলের দাবি।
“আমি বিষয়টি জানতে পেরে ভাইকে এই অনৈতিক সম্পর্ক থেকে সরে আসতে বলি এবং ওই নারীর স্বামীকে ঘটনাটি জানাই। এছাড়া এলাকার চেয়ারম্যানকেও বিষয়টি মীমাংসা করতে বলি মৌখিকভাবে।”
এরপর সোবহান তাকে মারপিট করে বলে দাবি করেন ইসমাইল।
৩০ সেপ্টেম্বর রাতের ঘটনার বিবরণে ইসমাইল বলেন, ওই হিন্দু পরিবারের বসতঘর টিনের দোতলা। ঘটনার দিন ঘরের নিচতলায় ছিলেন স্বামী আর উপরে ছিলেন তার স্ত্রী। রাতে স্ত্রীর ঘরে কথার শব্দ শুনে তিনি উপরে উঠে সোবহানকে দেখতে পান।
এরপর সোবহানের সঙ্গে ওই গৃহবধূর স্বামীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোবহানের সঙ্গে থাকা ছুরি দিয়ে কোপ দেয়। ওই সময় তিনি সরে গেলে তার স্ত্রীর পায়ের গোড়ালিতে গিয়ে লাগে, বলেন ইসমাইল।
চুনখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সি তানজিন হোসেনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই নারীর নঙ্গে সোবহানের অনৈতিক সম্পর্ক বিষয়ে একই কথা বলেন।
“গত ২/৩ মাসে ইসমাইল অন্তত তিনবার আমার কাছে মৌখিক অভিযোগ দেন। লিখিত অভিযোগ না দেওয়ায় এই ঘটনার কোনো সালিশ করতে পারিনি আমি।”
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ধারালো অস্ত্রের আঘাতে আহত গৃহবধূ বর্তমানে সুস্থ আছেন। তিনি বর্তমানে তার বাবার বাড়িতে আছেন বলে তিনি জানান।
