রাবি ও চবিতে একদিনে পরীক্ষা, বিপাকে ভর্তিচ্ছুরা
রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকে (সম্মান) কলা অনুষদের ভর্তি পরীক্ষা একই দিনে নির্ধারণ হওয়ায় বিপাকে পড়েছে ভর্তিচ্ছুরা।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৪ থেকে ২৭ অক্টোবর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
উভয় বিশ্ববিদ্যালয়ই আগে পরীক্ষার সূচি ঘোষণা করার দাবি করছে।
দুটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের পরীক্ষা ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা এবং ১১টা থেকে ১২টা দুই শিফটে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে কলা অনুষদের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া কেউ ২৬ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদে পরীক্ষা অংশ নিলে পরদিন (২৭ অক্টোবর) সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষায় অংশ নিতে তাকে রাজশাহী আসতে হবে।
তৌকির আহমেদ নামের এক ভর্তিচ্ছু বলেন, দুটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার একই সময়ে অনুষ্ঠিত হবে। এতে একটি ইউনিটে একই দিনে পরীক্ষা। তাই যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়াই হবে না।
“ফলে কোনটিতে পরীক্ষা দিব আর কোনটিতে দিব না, সেটা নিয়েই দুশ্চিন্তায় আছি।”
ইসতিয়াক আহমেদ নামে অন্য এক শিক্ষার্থী বলেন, “প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে কমবেশি ফরম তুলেছি। কিন্তু রাবি ও চবির পরীক্ষা একই সময়ে ঘোষণা করা হয়েছে। এমনভাবে সূচি প্রকাশ করেছে তাতে সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে গেলে দুই বার চট্টগ্রাম যেতে হবে; যা অনেক বিড়ম্বনার ও ঝুঁকি সাপেক্ষ। তাছাড়া অতিরিক্ত খরচ তো আছেই।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা বলেন, “আমরা পরীক্ষার সময়সূচি আগে প্রকাশ করেছি। তাই আমাদের সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, “আমরা আগে ভর্তি পরীক্ষার সময় ঘোষণা করেছি। সে হিসেবে তাদের উচিত ছিল আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা। এর আগের বছরও তারা এমনটা করেছিল। আমরা তাদেরকে বিষয়টা জানিয়েছিলাম, কিন্তু তারা শোনেনি।”
