২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ শিকার: দুই জেলায় ১৭ জেলের অর্থদণ্ড

নিষেধ অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ ধরার অপরাধে মাগুরা ও মুন্সীগঞ্জে ১৭ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 09:51 PM

Updated : 11 Oct 2022, 08:54 PM

মঙ্গলবার আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।

মাগুরা:

মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মধুমতি নদীতে ইলিশ মাছ ধরায় সাত জেলেকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন হোসেন এ দণ্ড দেন।

এদের মধ্যে উপজেলার দাতিয়াদাহ গ্রামের মোসলেম মোল্লা (৪০), ছালাম শেখ (৫০), ফরিদপুরের মধুখালির ঝন্টু মৃধা (৪০), সদর আলী (৩৬), শিবরামপুর গ্রামের নায়েব আলীকে (৩২) এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আর দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে দাতিয়াদাহ গ্রামের নূরুল ইসলাম (৪০) ও ইলিয়াস শেখকে (৩৫) ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মধুমতি নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরার সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ মাছসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।

মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী ও সংলগ্ন বাজারগুলোতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করার অপরাধে ১০ জেলেকে ৪৯ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাহীন এ দণ্ড দেন। 

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লৌহজংয়ের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে পাঁচ হাজার মিটার ইলিশ ধরার জাল ও ৫০ কেজি মা ইলিশসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।