২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় পোশাককর্মীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সদরে অস্ত্রের ভয় দেখিয়ে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 09:27 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার ফতুল্লার পাগলাশাহি মহল্লা থেকে জামাল (২২) নামের যুবকটিকে গ্রেপ্তার করা হয় বলে ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল জানান।

জামাল ওই মহল্লার মোবারক মিয়ার ছেলে। তিনি কুতুবপুর এলাকার সন্ত্রাসী মীর হোসেন মীরু বাহিনীর সদস্য বলে দাবি পুলিশের।

এ ঘটনায় ওই পোশাককর্মীর (১৫) বাবা বাদী হয়ে জামালের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ওই কিশোরী পাগলাশাহি মহল্লায় একটি ভাড়া বাড়িতে বাবা-মার সঙ্গে থাকেন। তার বাবা রাজমিস্ত্রি এবং মা একটি মিলে চাকরি করেন। মেয়েটি একটি টেক্সটাইল মিলে চাকরি করেন।

মেয়েটি কর্মস্থলে আসা-যাওয়ার পথে জামাল নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। জামাল এলাকায় খারাপ প্রকৃতিক লোক হিসেবে পরিচিত হওয়ায় ভয়ে প্রতিবাদ করেনি সে।

গত রোববার (১৬ অক্টোবর) রাতে কিশোরীর ডিউটি থাকায় বিকালে ঘরে ছিলেন। ওই সময় বাড়িতে বাবা-মা ছিলেন না। সেই সুযোগে জামাল ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং কথাটি কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল জানান, বিষয়টি পরিবারের সদস্যদের জানানোর পর কিশোরীর বাবা সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

জামালের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলেও জানান এসআই এনামুল।