২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবর থেকে তুলে মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার

বেওয়ারিশ হিসেবে দাফন করা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের লাশ উত্তোলন করে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার শহরের ফরিদপুর গোরস্থান থেকে তার লাশ উত্তোলন করে সেখানেই গার্ড অব অনার দেওয়া হয় বলে দিনাজপুরের সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “লাশ উত্তোলন করে গোরস্থানের সামনের সড়কে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে তার ছেলে মমিনুল ইসলামের  কাছে হস্তান্তর করা হয়।

“তিনি লাশ গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জামগ্রামে নিয়ে দাফন করেন।”

সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল লতিফকে পথচারীরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গত ৫ সেপ্টেম্বর সেখানে তার মৃত্যু হলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।