২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় চলছে পরিবহন ধর্মঘট

গাইবান্ধায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 11:20 AM

Updated : 11 Oct 2022, 08:54 PM

মঙ্গলবার সকাল থেকে এই ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ধর্মঘটে গাইবান্ধার কোনো প্রকার যানবাহন জেলার ভেতরে চলাচল করছে না, ছেড়ে অন্য কোনো জেলায় যাচ্ছে না, অন্য কোনো জেলার যানবাহন গাইবান্ধায় আসছে না। তবে গাইবান্ধার ওপর দিয়ে অন্যান্য জেলার দূরপাল্লার যানবাহন চলাচল করছে।

গাইবান্ধা মোটর মালিক সমিতির সভাপতি ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন বলেন, গোবিন্দগঞ্জ মোটর মালিক সমিতি ১৪ অক্টোবর থেকে গোবিন্দগঞ্জ হয়ে গাইবান্ধা সমিতির সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এর প্রতিবাদে গাইবান্ধা মোটর মালিক সমিতি এই কর্মসূচি ঘোষণা করে বলে জানান সভাপতি কাজী মকবুল।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, দুই পক্ষকে নিয়ে এ পর্যন্ত তিন দফা বৈঠক হয়েছে। কিন্তু তারা স্ব-স্ব অবস্থানে অনড় থাকায় এ নিয়ে কোনো সমাধান করা সম্ভব হয়নি।