২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সৈকতে অচেতন উদ্ধার তরুণীর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে অচেতন অবস্থায় উদ্ধার তরুণীর মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 09:32 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

সোমবার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে তানিয়া আক্তার মুন (২০) নামের মেয়েটির মৃত্যু হয় বলে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হুসেইন মো. রায়হান কাজেমী জানান।

তানিয়া আক্তার ঢাকার বারিন্দা এলাকার মোহাম্মদ সুলতানের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

এরা হলেন কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার স্বপ্ন বিলাস কটেজের ম্যানেজার ও চট্টগ্রামের খুলশীর সিলভেস্টার হায়ারের ছেলে খ্রিস্টোফার হালদার (৩০) এবং একই কটেজের বয় কক্সবাজার সদরের খুরুশকুলের আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ সিদ্দিক (২৩)।

এএসপি রায়হান জানান, রোববার সন্ধ্যায় দুইজন লোক সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে অবচেতন অবস্থায় এক তরুণীকে রেখে চলে যাচ্ছিল। এ সময় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে।

পরে খবর পেয়ে পুলিশ তরুণীকে উদ্ধার করে এবং ওই দুই ব্যক্তিকে আটক করে বলে জানান তিনি।

তিনি জানান, কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়েছে। তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানান, মৃত তরুণীর বাবা খবর পেয়ে কক্সবাজার এসেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।