যশোরে গৃহবধূ হত্যায় স্বামীর ফাঁসির রায়
যশোরে গৃহবধূ রূপালী খাতুন হত্যা মামলায় তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
সোমবার যশোরের জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা পনেরো বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত হেলাল উদ্দিন (৪০) পলাতক রয়েছেন। তিনি বগুড়া সদরের শিকারপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে। যশোর শহরের বারান্দিপাড়া খালধার রোড এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।
মামলার নথি থেকে জানা যায়, কাঠমিস্ত্রি হেলাল উদ্দিনের দুই স্ত্রী। ওই তিনজনের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত।
২০০১ সালের ১৪ জুন গভীর রাতে হেলাল তার দ্বিতীয় স্ত্রী রূপালী খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর সেপটিক ট্যাংকে ফেলে দেন।
পরদিন বিষয়টি হেলাল উদ্দিন তার দোকানমালিক শরিফুল ইসলামকে বলে দেন। এরপর শরিফুল তাকে পুলিশে দেন। পরে পুলিশ রূপালী খাতুনের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে।
আদালতের পিপি এসএম বদরুজ্জামান পলাশ জানান, লাশ উদ্ধারের দিনই শরিফুল ইসলাম বাদী হয়ে হেলালের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালতে হেলাল উদ্দিন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলেও জানান পিপি পলাশ।
জামিন পাওয়ার পর থেকে হেলার পলাতক রয়েছেন বলে জানান পিপি পলাশ।
