২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ টাকার চাল: ৯৩ বস্তা উদ্ধার, আটক ১

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজির ৯৩ বস্তা চাল ‘কালোবাজারে বিক্রির সময়’ উদ্ধার করা হয়েছে। ওই সময় একজনকে আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 08:34 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

রোববার ভোররাতে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয় বলে নওগাঁ সদর মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান।  

হত দরিদ্রদের জন্য এ কর্মসূচি চালুর পর থেকে দেশের বিভিন্ন স্থানে নানা অনিয়মের খবর পাওয়া গেছে। এসব অভিযোগে কয়েকজনকে আটক এবং ডিলারশিপ বাতিলের ঘটনাও ঘটেছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার দুবলহাটি এলাকায় হত দরিদ্রদের মাঝে বিতরণের জন্য এ চালগুলো আনা হয়েছিল। বরাদ্দকৃত এ চাল কালোবাজারে বিক্রির জন্য এক ট্রাক্টর ভরতি চাল নওগাঁ শহরে আনা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় পুলিশ অবস্থান নেয়।

ওসি বলেন, রাত ২টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় চাল ভরতি একটি ট্রাক্টর পৌঁছলে পুলিশ থামার নির্দেশ দেয়। এ সময় চালকসহ কালোবাজারীরা ৯৩ বস্তা চালবোঝাই ট্রাক্টর ফেলে পালিয়ে যায়।

ওই সময় পুলিশ মোরশেদ হোসেন (৩৫) নামে এক ট্রাক্টর শ্রমিককে আটক করা হয় বলে জানান তিনি।  

আটকের পর মোরশেদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালগুলো কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ জানতে পারে উদ্ধারকৃত চালগুলো দুবলহাটি এলাকায় ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য নির্ধারিত ডিলার শুধাংশু কুমার ও স্বপন কুমারের, বলেন ওসি।

রোববার বিকালে এ ব্যাপারে সদর মডেল থানার এসআই সমর চন্দ্র আচার্য্য বাদী হয়ে চালের ডিলারসহ ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।   

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানে সরকার সেপ্টেম্বর থেকে অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু করে। এ কার্যক্রমের আওতায় একজন হতদরিদ্র প্রতিমাসে ১০ টাকা দরে ৩০ কেজি চাল কেনার সুযোগ পাচ্ছে। মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই পাঁচ মাস হতদরিদ্র ৫০ লাখ পরিবার এ সুবিধা পাবে।

পুরনো খবর:

দশ টাকার চাল: অনিয়মের অভিযোগে খাদ্য অফিসে তালা
দশ টাকা চাল: কম দেওয়ার অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে