২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ৩০

বন্ধের নোটিশ দেখে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাভারের একটি বোতাম তৈরির কারখানার শ্রমিকরা

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 05:12 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

রোববার সকালে সাভার পৌর এলাকার সিআরপি রোডের ‘ডানা বাটনস লিমিটেড’ কারখানার শ্রমিকরা শিমুলতলা এলাকায় মহাসড়ক অবরোধ করলে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এ সময় অন্তত ৩০ শ্রমিক আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিল্প পুলিশের পরিদর্শক (ওসি) হারুনুর রশিদ জানান, ঈদের আগে ডানা বাটনস কারখানার প্রায় ৪০০ শ্রমিকের বেতন-বোনাস দিয়ে ১৫ অক্টোবর অক্টোবর পর্যন্ত কারখানা বন্ধ থাকবে বলে নোটিশ দেয় কর্তৃপক্ষ।

“রোববার সকালে শ্রমিকরা সকালে কারখানায় এসে মূল ফটক তালাবদ্ধ এবং অনিদির্ষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝোলানো দেখে ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে।

“পরে সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে উভয় পাশে কয়েকশ যান আটকা পড়ে।”

তিনি বলেন, খবর পেয়ে শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দিলে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশের এ কর্মকর্তা বলেন, “শ্রমিকদের কাছ থেকে সব শুনে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে পারিনি।”

তবে তারা মালিক পক্ষের বিরুদ্ধে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।