২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিচারক হত্যা: জেএমবির আরিফের ফাঁসির মঞ্চ প্রস্তুত

জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের ফাঁসির রায় রোববার রাতে কার্যকর করা হবে বলে খবর পাওয়া গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 01:31 AM

Updated : 12 Apr 2022, 03:05 AM

একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার জেলা কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, “আরিফের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর লাশ হস্তান্তর প্রক্রিয়া শেষ হলেও অনেক সময় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।”

২০০৫ সালে ঝালকাঠির দুই বিচারককে হত্যার দায়ে ২০০৬ সালে নিম্ন আদালত আরিফসহ সাতজনকে মৃত্যুদণ্ডের রায় দেয়। চলতি বছর ২৮ অগাস্ট উচ্চ আদালত সেই রায় বহাল রাখে।

দণ্ডাদেশ পাওয়া আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে রয়েছেন।

ফাঁসি রোববারই কার্যকর হবে কিনা তা নিশ্চিত না করলেও পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, রোববার কারাগারের আশপাশে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

“পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ, ক্যামেরাধারী পুলিশও দায়িত্ব পালন করবে।”

শনিবার খুলনা জেলা কারাগারের সামনের সড়ক বাঁশ বেঁধে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সড়কে রোববার যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

নাম না প্রকাশ করে একজন জেলা ম্যাজিস্ট্রেট বলেন, রোববার রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে ফাঁসির রায় কার্যকর হতে পারে। সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কারাগার কর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে।

ফাঁসি খুলনা কারাগারে হবে এমনটি নিশ্চিত হলেও তিনি বলেন, যশোর ও বরিশাল জেলা কারাগারের ফাঁসির মঞ্চও তৈরি করে রাখা হয়েছে।

জেলা কারাগারের কর্মকর্তা জান্নাতুল ফরহাদ বলেন, “রোববার সবকিছু জানতে পারবেন। এখন কোনো মন্তব্য করা সম্ভব নয়।”

২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে ঝালকাঠির জেলা জজ আদালতে যাওয়ার পথে বিচারকদের বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালিয়ে জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদকে হত্যা করে জঙ্গিরা। ২০০৬ সালের ২৯ মে আরিফসহ সাতজনকে মৃত্যুদণ্ডের রায় দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ। সাতজনের মধ্যে ছয়জনের রায় উচ্চ আদালতে বহাল থাকায় ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

রায় কার্যকর হওয়া ছয়জন হলেন জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক, শায়খ আবদুর রহমান, তার ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল।

চলতি বছর ২৮ অগাস্ট আরিফের মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ।