২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফর ইকবাল ও স্ত্রীকে হত্যার হুমকি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 12:20 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় জাফর ইকবাল সিলেটের জালালাবাদ থানায় জিডি করেছেন বলে ওসি আক্তার হোসেন জানিয়েছেন।

বৃহস্পতিবার এ শিক্ষক দম্পতির ফোনে পৃথক এসএমএসে হুমকি দেওয়া হয় বলে ওসি জানান।

এর আগে শুধু জাফর ইকবালকে হত্যার হুমকি দিলেও এই প্রথম তার স্ত্রীকেও হুমকি দেওয়া হল।

ঢাকায় অধ্যাপক আনু মুহাম্মদকে যে মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, একই নম্বর থেকে হুমকি দেওয়া হয় জাফর ইকবাল দম্পতিকে।

অধ্যাপক ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকায় অবস্থানকালে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে আমাদের দুইজনের মোবাইলে দুটি এসএমএস আসে। 

“প্রথমে রাত ১২টা ১৭ মিনিটে আমার মোবাইলে আসা এসএমএসে ইংরেজিতে লেখা ছিল- ‘Welcome to our new top list! Your breath may stop at anytime.’- ABT।”

ইয়াসমিন বলেন, এরপর রাত আড়াইটায় জাফর ইকবালের মোবাইলে আসা এসএমএসে লেখা ছিল-  ‘Hi unbeliever! we will strangulate you soon.'

অধ্যাপক জাফর ইকবালকে এর আগেও একাধিকবার  হত্যার হুমকি দেওয়া হলেও এবারই প্রথম হত্যার হুমকি পেলেন ইয়াসমিন হক।

এই এসএমএস দুটিকে জীবনে হুমকি মনে করায় শুক্রবার তারা ঢাকা থেকে সিলেট ফেরার পর থানায় জিডি করেন বলে অধ্যাপক ইয়াসমিন জানান।

ওসি আক্তার হোসেন বলেন, জাফর ইকবালের নিরাপত্তায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। ফের হুমকির আসায় তার আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালায় ক্যাম্পাসেও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।