২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলন ঘিরে চাঙ্গা বগুড়া যুবলীগ

বগুড়া জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে ১৯ বছর পর। এ সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বগুড়া প্রতিনিধি

জিয়া শহীন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 10:13 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

শনিবার সকালে বগুড়া জিলা স্কুলে সম্মেলনের উদ্বোধন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সম্মেলন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। স্থানে স্থানে নেতা-কর্মীদের ছবি ও বিলবোর্ড লাগানো হয়েছে। প্রতিদিনই চলছে বিভিন্ন প্রার্থীর সমর্থনের মিছিল।

গত ১৯ বছর ধরে সংগঠনের জেলা সভাপতি পদে রয়েছেন মঞ্জুরুল আলম মোহন ও সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।

সর্বশেষ বগুড়া জেলা যুবলীগের সম্মেলন হয় ১৯৯৭ সালের ১২ মে। বিভিন্ন সময়ে প্রস্তুতি নেওয়া হলেও সম্মেলন করা হয়নি।

জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার ১২টি উপজেলা এবং বগুড়া পৌর কমিটিসহ মোট ১৩টি কমিটির ২৫ জন করে তৃণমুল পর্যায় থেকে ৩২৫ জন কাউন্সিলর অংশ নেবেন। পাশাপাশি জেলা কমিটি থেকেও ৪৯ জন কাউন্সিলর থাকবেন।

বর্তমান সভাপতি মঞ্জুরুল আলম মোহন জানান, সম্মেলনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

তিনি বলেন, সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করা হবে। ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচন হলে দ্বিতীয় আরেকটি অধিবেশন হবে।

এজন্য জিলা স্কুলে মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে যে চার জনের নাম আলোচিত হচ্ছে তারা হলেন- বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন, অপর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু ও শহর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন।