২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ফোনে রাবির ৩ শিক্ষককে হুমকি

এক সময়ের ঢাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে আলোচিত সুব্রত বাইন পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তিন শিক্ষককে হুমকি দিয়ে চাঁদা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইব্রাহীম খলিল,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 09:22 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

ভারতীয় একটি নম্বর থেকে গত ৬ ও ১১ অক্টোবর ফোনগুলো করা হয় বলে তারা পুলিশকে জানিয়েছেন।

ওই তিন শিক্ষক হলেন অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান খান এবং প্রভাষক ড. মোসা. শামসুন নাহার।

মিজানুর রহমান খান বলেন, মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে একটি ভারতীয় নম্বর (৯১৮০১৭৮২২৭২৫) থেকে ফোন করে ওই ব্যক্তি নিজেকে সুব্রত বাইন পরিচয় দিয়ে তার কাছে চার লাখ টাকা দাবি করেছে।

তিনি বলেন, ফোনে ওই ব্যক্তি বলে- সাভার ইপিজেড-এ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক লোক আহত হয়েছে। কলকাতার খিদিরপুরে তার চিকিৎসা চলছে। চিকিৎসার জন্য ১৪ লাখ টাকা দরকার। তাদের কাছে ১০ লাখ টাকা আছে। বাকি চার লাখ টাকা তাকে দিতে হবে।

“আমি বলি- সরি, এত টাকা দিতে পারব না। এর উত্তরে সুব্রত বলে, রাজশাহী আমাদের দলের লোকজন আছে। আপনি টাকা না দিলে মুহূর্তের মধ্যেই আপনার সবকিছু তছনছ হয়ে যাবে।”

এর একঘণ্টা পরই নগরীর মতিহার থানায় চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান তিনি।

এই একই নম্বর ও নাম ব্যবহার করে সোলাইমান আলী নামে তার সাবেক এক শিক্ষার্থীকেও হুমকি দেওয়া হয়েছে বলে মিজানুর রহমান জানান।

মোসা. শামসুন নাহার বলেন, গত ৬ অক্টোবর সকালে তাকেও একই নম্বর থেকে, একই নামে ফোন করে চাঁদা চাওয়া হয়। না হলে পরিবারের সদস্যদের অপহরণ করার হুমকি দেওয়া হয়।

শামসুন নাহারকে হুমকি দেওয়ার কিছুক্ষণ পরই একই নম্বর থেকে ফোন পাওয়ার কথা জানান সফিকুন্নবী সামাদী।

সামাদী বলেন, “ফোন করে সুব্রত বাইন পরিচয় দিয়ে লোকটি আমাকে বলে, আমাকে চিনতে পেরেছেন? আমি বলি, চিনতে পেরেছি। আমি পরীক্ষা দিই না, নিই। এই বলে আমি ফোন রেখে দিই।”

মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, মিজানুর রহমান আর শামসুন নাহার থানায় জিডি করেছেন। সফিকুন্নবী সামাদী করেননি। হুমকি এসেছে ভারতীয় নম্বর থেকে। এজন্য বিষয়টা একটু জটিল হয়ে গেছে।

“তারপরও আমরা তদন্ত শুরু করেছি।”