পিরোজপুরে ৯২ হাজার মিটার জাল আটক
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় পিরোজপুরের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৯২ হাজার মিটার জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম তালুকদার সাংবাদিকদের বলেন, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত কচা, বলেশ্বর, কালিগঙ্গা ও সন্ধ্যা নদীতে ১৭টি অভিযান চালানো হয়।
“এ সময় ৯২ হাজার মিটার জাল আটক করা হয়, যার দাম প্রায় ৩০ লাখ টাকা। পরে জেলা ম্যাজিস্ট্রেট শেখ মো. রাশেদুজ্জামানের উপস্থিতিতে সব জাল পুড়িয়ে ফেলা হয়।”
এদিকে জেলেসহ সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলার বিভিন্ন হাটবাজারে লিফলেট, পোস্টার ও ব্যানার টানানো হয়েছে এবং মাইকে প্রচারণা চালানো হচ্ছে।
ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মুন্সীগঞ্জ, চাঁদপুর, বরিশাল, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
