গোপালগঞ্জে ডোবায় প্রতিবন্ধী শিশুর লাশ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ডোবা থেকে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়ে বলে জানান কাশিয়ানী থানার ওসি এ কে এম আলীনুর।
জুবায়ের (১০) গোপালগঞ্জ সদর উপজেলার পাচুড়িয়া গ্রামের আবুল বাশার সিকদারের ছেলে।
নিহতের খালু মো. মামুন হোসেন জানান, জুবায়ের মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।
জুবায়ের জন্মগতভাবে প্রতিবন্ধী বলে তিনি জানান।
ওসি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
