সরাইলে অস্ত্রসহ ৭ ‘ডাকাত’ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
সরাইল থানার ওসি রূপক কুমার সাহা জানান, বুধবার গভীর রাতে উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের মাঝামাঝি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাদের কাছ থেকে চারটি বল্লম, দুটি ছোরা ও একটি আয়রন কাটার উদ্ধার করা হয়েছে।”
গ্রেফতারকৃতরা হলেন- সরাইল উপজেলার মানিক মিয়া (৩৫), নরসিংহপুর গ্রামের হানিফ মিয়া (২৬), দুবাজাইল গ্রামের অহিদুর রহমান (২৫), নাসিরনগর উপজেলার দ্বীন ইসলাম (২২), নরসিংদীর মাইজের চর গ্রামের শিমুল মিয়া (২১), একই গ্রামের বিল্লাল মিয়া (৩৫) ও বাচ্চু মিয়া (৩৫)।
