২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ভর্তি ফরমের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের বর্ধিত দাম প্রত্যাহারের জন্য কর্তৃপক্ষকে ৯৬ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 01:04 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

এ সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে ধর্মঘটসহ আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে মূল্যবৃদ্ধিবিরোধী শিক্ষার্থী মঞ্চ।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও প্রগতিশীল ছাত্রসংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ মঞ্চ গঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সরোয়ার তুষার লিখিত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়টিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে বিভিন্ন অনুষদে ১০০০ থেকে ১২০০ টাকা, যেখানে গত বছর ছিল ৭৫০ থেকে ৯০০ টাকা, ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ছিল ৩০০ থেকে ৩৫০ টাকা।

“আট বছরে চার গুণ দাম বাড়ানো হয়েছে, যা অস্বাভাবিক।”

তুষার তার বক্তব্যে অভিযোগ করেন, “আমরা বুঝি, যৌক্তিক কোনো কারণে দাম বাড়েনি। দাম বেড়েছে সংশ্লিষ্টদের পাওয়া না পাওয়ার হিসাব নিয়ে।”

দাম বৃদ্ধির কারণে অনেক নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানরা ভর্তিপরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না বলে তিন অভিযোগ করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক গিয়াস বাবু বলেন, “কোনো শিক্ষক কখনো শিক্ষার্থীদের পকেট কেটে শিক্ষাদান করতে পারেন না।

“অচিরেই এ ধরনের অনৈতিক, অযৌক্তিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত থেকে প্রশাসনকে ফিরে আসার আহ্বান জানাই।”

১৬ অক্টোবর থেকে ভর্তি ফরম বিক্রির কথা রয়েছে।

এ সময়ের মধ্যে দাম না কমালে ধর্মঘটসহ আন্দোলনে নামা হবে বলে ঘোষণা দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপুকুমার দাশ।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠন, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দাম বৃদ্ধি সম্পর্কে ভর্তিপরীক্ষা কমিটির সদস্যসচিব সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক বেলায়েত হোসাইন বলেন, ভর্তিপরীক্ষার জন্য প্রতিবছর নতুন নতুন যন্ত্রপাতি কিনতে হয়। এজন্য ভর্তি ফরমের দাম বাড়ে।

এর আগে তিনি বলেছিলেন, প্রতিবছর মুদ্রাস্ফীতি হয় বলে ভর্তি ফরমের দাম বাড়ে।