২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে নিহত সন্দেহভাজন জঙ্গির লাশ নওগাঁয় দাফন

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গি নওগাঁর মুক্তিযোদ্ধার ছেলে আহসান হাবিব শুভর লাশ গ্রামের বাড়ির পারিপারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 10:34 AM

Updated : 20 Aug 2022, 01:55 PM

বুধবার রাতে নওগাঁর রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে লাশ দাফন করা হয় বলে জানান শুভর চাচা রানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন।

শুভ ওই গ্রামের মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের ছেলে।

শনিবার সকালে টাঙ্গাইল শহরের কাগমারা মির্জামাঠ এলাকার একটি বাড়িতে র‌্যাবের অভিযানে শুভসহ দুইজনের মৃত্যু হয়।

আওয়ামী লীগ নেতা শরিফ বলেন, মঙ্গলবার রাতে শুভর বাবা আলতাফ হোসেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে শুভর লাশ শনাক্ত করেন। পরদিন বুধবার বিকালে টাঙ্গাইল  পুলিশের কাছ থেকে লাশ গ্রহণ করেন।

বুধবার সন্ধ্যা সেয়া ৭টার দিকে লাশ গ্রামে আসার পর উৎসুক জনতাকে লাশ দেখার জন্য ভিড় করতে দেখা যায়। পরে জানাজা শেষে এশার নামাজের পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

শরিফ উদ্দিন বলেন, “বড় ভাই আলতাফ হোসেন মুক্তিযোদ্ধা। তিনি নওগাঁ কোর্টের মুহুরি। আমরা কখনও জানতে পারিনি শুভ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে।”

শুভকে জীবিত ধরা হলে জঙ্গিসংশ্লিষ্ট অনেক তথ্য পাওয়া যেত বলে তিনি মনে করেন।

শুভর খালু সানোয়ার হোসেন বলেন, শুভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

“সেখানে সে ছাত্রশিবিরের রাজনীতির পাশাপাশি জঙ্গি তৎপড়তায় জড়িয়ে পড়ে।”

২০১৫ সালে রাজশাহীর গোদাগাড়ীতে অস্ত্রসহ গ্রেপ্তার হন শুভ। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন বলে জানান নগওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক।

২০১৫ সালের ১৭ মে থেকে শুভ পরিবারে সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।