২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি কমিশন আইনের বিরোধিতায় পাহাড়ে চলছে হরতাল

সংশোধিত পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে পাহাড়ে বসবাসরত বাঙালিদের পাঁচ সংগঠনের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে দেশের তিন পার্বত‌্য জেলায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 09:59 AM

Updated : 11 Oct 2022, 08:52 PM

বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টার এই হরতালে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে বন্ধ দেখা গেছে দোকানপাট।

তিন জেলা শহরেই সকাল থেকে বিক্ষোভ পিকেটিং চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

গত ৬ অক্টোবর জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধন) পাস হওয়ার পর পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এবং পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এ হরতালের ডাক দেয়।

সংশোধিত আইনে কমিশন চেয়ারম্যানের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব হওয়ায় বাঙালিদের এই সংগঠনগুলোর আপত্তি।

পার্বত্য গণপরিষদের সভাপতি এবং বান্দরবান ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমানের মুক্তির দাবিও রয়েছে এই সংগঠনগুলোর।

নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর বান্দরবান শহর থেকে আতিকুর রহমানসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পার্বত্য গণ পরিষদের মহাসচিব মোহাম্মদ আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এসব দাবিতে আগামী রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত আবারও হরতাল করবেন তারা।

আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো হরতালের খবর-

খাগড়াছড়ি

হরতালের শুরুতে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়িতে পার্বত‌্য চট্রগ্রাম ভূমি কমিশন কর্যালয়ের সামনে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার নেতাকর্মীরা ।

হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের যানচলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটের যানবাহনও চলছে না। জেলা সদরের অধিকাংশ দোকানপাটও বন্ধ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রইছ উদ্দীন জানান, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি পলিশ মোতায়েন রয়েছে। কোথাও বড় কোনো গোলযোগের খবর তারা পাননি।

রাঙামাটি

হরতালের কারণে রাঙামাটি শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করছে না। অভ্যন্তরীণ ছয়টি নৌ-রুটেও নৌযান চলাচল বন্ধ রয়েছে।

সকালে শহরের কয়েকটি পয়েন্টে হরতালের সমর্থনের পিকেটিং হয়েছে। তবে কোথাও বড় কোনো গোলাযোগ ঘটেনি বলে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ রশীদ জানান।