২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে এক যুবককে ফোন করে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 04:26 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

নিহত এরশাদুজ্জামান রুবেল (২৮) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার লংকারচর গ্রামের সাদেক মিয়ার ছেলে। সাভারের ভরারী এলাকায় আছিমুদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

সাভার সার্কেলের সিনিয়র এএসপি মাহাবুবুর রহমান জানান, সোমবার রাত ১২টার দিকে ভরারী এলাকার আসলাম মিয়ার বাড়িতে ডেকে নিয়ে রুবেলকে পিটিয়ে আহত করা হয়। হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৫টার দিকে তার মৃত‌্যু হয়।

খবর পেয়ে পুলিশ বাড়ির মালিক আসলাম মিয়াকে আটক করেছে বলে মাহাবুবুর রহমান জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, “আসলাম বলেছেন, তার বাড়ির ভাড়াটিয়া লিটন ও মইনুলের সঙ্গে এক নারীকে জড়িয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন রুবেল। টাকা না পেয়ে তিনি ওই দুইজনের মোবাইল ফোন নিয়ে যান।

“লিটন ও মইনুল অভিযোগ করলে রুবেলকে ফোন করে বাড়িতে ডেকে নেন আসলাম। তারপর রুবেলের হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পেটানো হয়। পরে তারাই রুবেলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।”

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয় বলে এএসপি মাহাবুবুর রহমান জানান।

তিনি বলেন, “লিটন ও মইনুল বখাটে প্রকৃতির। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

নিহতের স্ত্রী ফারজানা আক্তার অভিযোগ করেন, তার স্বামীকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।