২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে ২২ দিন মাছ ধরা নিষেধ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 04:19 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় এ সময়ের মধ্যে মুন্সীগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও বরিশালের পদ্মা-মেঘনাসহ বিভিন্ন এলাকায় মাছ ধরার সব ধরনের ফাঁদ ফেলা নিষেধ।

চাঁদপুর নদীকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক মো. আনিসুর রহমান বলেন, আশ্বিনের ভরা পূর্ণিমায় মা ইলিশ প্রচুর ডিম পাড়ে। এ সময় তারা উপকূলীয় এলাকা থেকে ডিম ছাড়ার জন্য পদ্মা-মেঘনায় চলে আসে। তখন ইলিশ ধরা বন্ধ করা হলে ইলিশের সংখ্যা বৃদ্ধি পায়।

গত কয়েক বছর ধরে পূর্ণিমার আগে ও পরে কয়েক দিন মাছ ধরা বন্ধ রেখে সুফল পাওয়া গেছে বলে তিনি জানান।

নিষিদ্ধ সময় কোনো জেলে যাতে নদীতে নামতে না পারে সেজন্য প্রশাসন প্রস্তুতি নিয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল বলেন, গত বছর মা ইলিশকে ডিম ছাড়তে দেওয়ায় এ বছর তার সুফল পেয়েছে জেলেরা।

“আশা করি জেলেরা নিজেরাই এবার নদী পাহারা দেবেন, যাতে কোনো অসাধু ব্যক্তি মা ইলিশ নিধন করতে না পারে।”

চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, নিষেধাজ্ঞাকালে যদি কেউ মাছ ধরে বা জাল ফেলে তাহলে জেল, জাল পুড়িয়ে দেওয়া, ৫ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা করার আইনগত ব্যবস্থা রয়েছে।

“জরিমানা একাধিকবারও হতে পারে। জেলেরা যাতে নির্দিষ্ট সময়ে পদ্মা-মেঘনায় মাছ শিকার করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

চাঁদপুরের হাইমচর উপজেলার কাটখালী এলাকার জেলে হাবু ছৈয়াল বলেন, “গত বছর মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকায় জেলেরা তা পালন করে। এতে করে আমরা এ বছর প্রচুর ইলিশ পেয়েছি। এবারও জেলেরা নিষেধাজ্ঞা পালন করবে।”

নিষেধাজ্ঞাকালের জন্য জেলেদের ২০ কেজি করে চাল দেবে সরকার।