২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ৫ জনের মৃত্যু: দুই তদন্ত কমিটি

ঠাকুরগাঁওয়ে ‘বিদ্যুতের তার ছিঁড়ে’ বাড়িতে আগুন লেগে এক পুলিশ কনস্টেবলের পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 03:38 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

মঙ্গলবার ভোরের এ ঘটনায় জেলা প্রশাসন একটি ও পুলিশ প্রশাসন আরেকটি কমিটি গঠন করে।

পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, একটি কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদকে আহ্বায়ক করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

উভয় কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলেও তিনি জানান।

মঙ্গলবার ভোর ৪টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামের খরেশ চন্দ্রের বাড়িতে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ৪৪০ ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে আগুন ধরে পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা একটি মোটরসাইকেল বিস্ফোরিত হয়।

“আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও কাউকে বের করতে পারেনি। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে দগ্ধদের উদ্ধারসহ আগুন নেভায়।”

আগুনে দুইজন ঘটনাস্থলে এবং তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন পুলিশ কনস্টেল খরেশ চন্দ্র (৪৪), স্ত্রী কেয়া রানী (৩৮), ছেলে নির্ণয় (৮), মেয়ে নাইস (১০) ও কেয়ার বোন সন্ধ্যা রানী (৩৪)।

খরেশ চন্দ্র দিনাজপুরে পুলিশের ট্রাফিক বিভাগে চাকরি করতেন। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।

খবর পেয়ে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।