বেনাপোলে পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় পিস্তলসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
সোমবার রাতে রাজগঞ্জ থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান।
আটককৃতরা হলেন বেনাপোল বন্দর থানার রাজগঞ্জ গ্রামের তাহাজ্জত মোড়লের ছেলে জাহিদ হোসেন (৩৫), তার ভাই জাকির হোসেন (৩০) ও একই এলাকার নওশের আলীর ছেলে আব্দুল্লাহ (৩৮)।
বিজিবি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে অস্ত্রের চালান আসছে এমন খবর পেয়ে বিজিবির টহল দল সীমান্তের রাজগঞ্জ গ্রামে অবস্থান নেয়।
“ভারত থেকে সন্দেহভাজন তিনজন বাংলাদেশে ঢোকার পর বিজিবি তাদের আটক করে। পরে দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি রামদা পাওয়া গেছে।”
বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, অস্ত্রসহ আটক তিনজনকে থানায় দিয়েছে বিজিবি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
