নব্য জেএমবির ‘অর্থদাতার’ স্ত্রীর রিমান্ড
ঢাকার আশুলিয়ায় র্যাবের অভিযানের সময় পালাতে গিয়ে নিহত নব্য জেএমবির ‘অর্থদাতা’ আব্দুর রহমান আয়নালের স্ত্রী মোছা. শাহানাজ আক্তার রুমিকে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
আশুলিয়ার বাইপাইলের গাজীরজট বসুন্ধরাটেক এলাকার আমীর মৃধার পাঁচতলা ভবন ‘মৃধা ভিলায়’ অভিযান চালিয়ে শনিবার বিকালে র্যাবের হাতে আটক রুমিকে সোমবার আদালতে হাজির করে হেফাজতে পায় পুলিশ।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, রুমিকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের দায়ের করা অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুই মামলায় পাঁচদিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রথম মামলার পাঁচদিনের রিমান্ড শেষ হলে দ্বিতীয় মামলার পরবর্তী পাঁচদিনের রিমান্ড শুরু হবে বলে জানান তিনি।
আশুলিয়ার গাজীরজট বসুন্ধরাটেক এলাকায় র্যাবের জঙ্গিবিরোধী অভিযান চলাকালে পালাতে গিয়ে বহুতল ভবনের উপর থেকে পড়ে আহত হওয়ার পর হাসপাতালে মারা যান আব্দুর রহমান আয়নাল (৩২), যাকে নব্য জেএমবির অর্থদাতা বলছে আইনশৃঙ্খলা বাহিনী।
আব্দুর রহমান আয়নাল ছদ্ধনাম হিসেবে রাকিবুল ওরফে সারোয়ার হোসেন ওরফে নাজমুল হক ওরফে এনামুল হক নাম ব্যবহার করতো বলেও জানায় র্যাব।
তাদের দাবি, শনিবার বিকালে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বারান্দার গ্রিল কেটে পাঁচ তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন আব্দুর রহমান। এঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
অভিযানের সময় আব্দুর রহমানের বাসায় তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থানে রাখা প্রায় ৩০ লাখ টাকা, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, নাইট ভিশন বাইনোকুলার ও মোবাইল জ্যামার উদ্ধারের কথাও জানায় র্যাব। এছাড়া তিন সন্তানসহ আটক করা হয় আব্দুর রহমানের স্ত্রী রুমিকে।
পরদিন রোববার রাত সাড়ে ৮টায় র্যাব-৪ এর এসআই আব্দুল আহাদ বাদী হয়ে রুমির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করেন।
