কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসকের বাড়িতে চুরি
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলীর বাড়িতে চুরি হয়েছে।
রোববার রাতে সদর উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে তার বাড়িতে চুরির এ ঘটনা ঘটে বলে জানান কুড়িগ্রাম সদর থানার ওসি এস এম আব্দুস সোবহান।
বাড়িতে জাফর আলীর বড় ছেলে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রেদোয়ানুল হক দুলাল পরিবার নিয়ে বসবাস করেন।
রেদোয়ানুল হক দুলাল বলেন, বাসায় শুধু কলাপসিবল গেইটে তালা লাগানো থাকে। অন্যান্য রুমের দরজা ভেতর থেকেও লাগানো হয় না।
“ভোর রাতের দিকে রান্না ঘরের দরজা ভেঙে ভেতরে চোর ঢুকে। পরে তারা দুটি আলমারি ভেঙে ৪৫ ভরি স্বর্ণাংলকার ও নগদ তিন লাখ টাকা নিয়ে যায়।”
ওসি বলেন, সোমবার সকালে চুরির ঘটনা জানাজানি হলে এলাকার বিক্ষুব্ধ মানুষ কাঁঠালবাড়ি বাজারে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে। পরে ঘটনাস্থলে গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা সড়ক থেকে উঠে যায়।
এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে জানান তিনি।
