দিনাজপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার নিতাইসাহা মোড়ে বাস-ট্রাকের সংঘর্ষ হয় বলে জানান ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী।
নিহত চালকের নাম ইলিয়াস আলী (৩৫)।
ওসি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে বগুড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে নিতাইসাহা মোড়ে বিপরীতমুখী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত পাঁচ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং আরও কয়েকজন স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় বলে জানান ওসি নুরুজ্জামান।
পুলিশ আহত কারও নাম-পরিচয় জানাতে পারেনি।
