পাতারটেকের সেই বাড়ি মালিকের স্ত্রী, ভাই গ্রেপ্তার
দুদিন আগে গাজীপুরের পাতারটেকে যে বাড়িতে পুলিশের অভিযানে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হয়েছে, তার মালিকের স্ত্রী ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশিদ বলছেন, তথ্য গোপন করে জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হবে।
এরা হলেন- বাড়ির মালিক সৌদী আরব প্রবাসী সোলায়মান সরকারের স্ত্রী সালমা বেগম (৩২) এবং ভাই ওসমান গণি সরকার (৪৮)।
সোমবার সকালে কালিগঞ্জের জাঙ্গালিয়ায় এক আত্মীয়র বাড়ি থেকে তাদের পুলিশ গ্রেপ্তার করে।
শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকায় সোলায়মান সরকারের বাড়িতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের অভিযানে সাতজন নিহত হন।
বাড়ির মালিকের অবর্তমানে ওই বাড়ির দেখভাল করতেন তার ছোটভাই কালীগঞ্জ উপজেলার আজমতপুর স্কুল অ্যান্ড কলেজের ইসলামী শিক্ষার প্রভাষক ওসমান গনি এবং স্ত্রী সালমা বেগম। তারাই ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া নিতেন।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সোমবার সকালে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “পাতারটেকের ওই বাড়িওয়ালা ও বাড়ির লোকজন জঙ্গিদের তথ্য না নিয়ে কেন বাড়ি ভাড়া দিলেন, সেজন্য তাদের জিজ্ঞাসাবাদের পর ৫৪ ধারায় আদালতে পাঠানো হবে।”
অভিযানে নিহত সাত জঙ্গিকে আসামি করে সন্ত্রাস দমন আইনে জয়দেবপুর থানায় মামলা করেছে পুলিশ। রোববার লাশের ময়নাতদন্ত শেষে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ঢাকা মোডিকেল কলেজ হাসপাতালে।
নিহত সাতজনের ছবি প্রকাশ করে তাদের পরিচয় জানার জন্য সবার কাছে তথ্য চাওয়া হয়েছে পুলিশের ফেইসবুক পেইজে।
লাশগুলো শহীদ তাজউদ্দীন মেডিকেলের মর্গে রাখা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, দাফনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
