২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুত্রবধূকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় মেয়েসন্তান জন্ম দেওয়ার অভিযোগ তুলে পুত্রবধূকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার খবর পাওয়া গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 10:49 AM

Updated : 20 Aug 2022, 01:53 PM

উপজেলার বিলকাজুলী গ্রামে রোববার সকালের এ ঘটনায় আহত চামেলী খাতুনকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইকবাল হোসেন সনি জানান, চামেলীর কোমর থেকে পা পর্যন্ত ঝলসে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চামেলী ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে ও একই গ্রামের দর্জি শ্রমিক আবু হোসেন বিটুর স্ত্রী।

হাফিজুর রহমান জানান, ১১ বছর আগে বিয়ের পর তারা সুখী ছিল। ছয় বছর আগে মেয়ে হলে চামেলীর শ্বশুরবাড়ির লোকজন মনঃক্ষুণ্ন হয়।

“দ্বিতীয়বার মেয়েসন্তান জন্ম দিলে তারা তার ওপর নির্যাতন শুরু করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠকও হয়।”

আহত চামেলী বলেন, “রোববার সকালে ননদের সন্তানের জন্য চুলায় ডিম সেদ্ধ করছিলাম।

“এ সময় মেয়েসন্তান জন্ম দেওয়া প্রসঙ্গে কথা বলছিলেন ভাসুর জাহিদুল ইসলাম ও শাশুড়ি জায়েদা খাতুন। তাদের কথার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে শাশুড়ি আমার গায় গরম পানি ঢেলে দেন।”

ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।