২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষকের ‘আত্মহত্যা’: অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহযোগী অধ্যাপক আকতার জাহানের ‘আত্মহত্যার’ পর গণমাধ্যমে উঠে আসা হয়রানি ও নিপীড়নের অভিযোগ তদন্ত করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 07:24 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটিকে’ এ দায়িত্ব দেওয়া হয় বলে সিন্ডিকেট সদস্য মো. মামুন আ. কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন , সিন্ডিকেটে ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটি পুনর্গঠন করা হয়েছে। তারপর কমিটিকে শিক্ষক জলির ‘আত্মহত্যার’ প্ররোচনা বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যে হয়রানি ও নিপীড়নের অভিযোগ উঠে এসেছে তার তদন্তভার দেওয়া হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সেলিনা পারভীনকে সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক  মোছা. ফেরদৌসী বেগমকে সদস্য সচিব করা হয়েছে বলে জানান সিন্ডিকেটের এ সদস্য।

গত ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক কমিটির সভায় আকতার জাহানের মৃত্যু ও মৃত্যুসংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে বিভাগ সম্পর্কিত যেসব বিষয় উঠে এসেছে তা তদন্ত করে দেখার অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে একটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

গত ৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে শিক্ষকদের আবাসিক ভবনে নিজ কক্ষের দরজা ভেঙে আকতার জাহানের লাশ পাওয়া যায়। পরে ওই ঘরের টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে ‘আত্মহত‌্যার’ কথা জানিয়ে ‘কেউ দায়ী নয়’ বলা হলেও নিজের সন্তানের গলায় ‘ছুরি ধরার’ অভিযোগ আনা হয়েছে সাবেক স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে একটি মামলাও করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১৯৯৭ সালে শিক্ষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন আকতার জাহান। চাকরিতে যোগ দেওয়ার আগেই বিয়ে করেন তানভীর আহমেদকে।

তানভীরের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ২০১২ সালে জুবেরী ভবনের  ৩০৩ নম্বর কক্ষে ওঠেন আকতার জাহান। স্কুলপড়ুয়া ছেলে তখন বাবার সঙ্গে থাকলেও মাঝেমাঝে মায়ের কাছে আসত। এরমধ্যে গত বছরের শেষ দিকে তানভীর আবার বিয়ে করেন।

গত ২৮ সেপ্টেম্বর ছেলে আয়মান সোয়াদ আহমেদ এক ফেইসবুক পোস্টে গলায় বাবা ছুরি ধরেছিল বলে স্বীকার করেছেন।

পুরনো খবর:

সোয়াদের গলায় ‘ছুরি ধরেছিলেন’ বাবা তানভীর
রাবির শিক্ষক তানভীরকে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি
রাবি শিক্ষকের ‘আত্মহত্যা’: সাবেক স্বামীকে বিভাগের কার্যক্রম থেকে প্রত্যাহার
রাবি শিক্ষকের ‘আত্মহত্যা’: ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি
রাবি শিক্ষক জলির আত্মহত্যায় ‘প্ররোচনার’ বিচার দাবি
রাবি ক্যাম্পাসে নিজের ঘরে শিক্ষকের লাশ
রাবি শিক্ষকের ‘আত্মহত‌্যার চিরকুটে’ অভিযোগ