খাদিজার পাশে শাহজালাল বিশ্ববিদ্যালয়
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী হামলার শিকার খাদিজা বেগম নার্গিসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শনিবার রাতে সদর উপজেলার আউসা গ্রামে খাদিজার বাড়িতে গিয়ে যেকোনো প্রয়োজনে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।
খাদিজাকে ৩ সেপ্টেম্বর বিকালে কুপিয়ে জখম করেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র বদরুল আলম।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. সামিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বদরুলের নৃশংসতার ঘটনায় খাদিজার পরিবারকে সহমর্মিতা ও সান্ত্বনা জানাতে আমরা তার বাড়িতে গিয়েছিলাম।
চিকিৎসাধীন খাদিজা
এরই মধ্যে বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বদরুলকে স্থায়ীভাবে বহিষ্কার করতে ও খাদিজার পরিবারকে কী ধরনের সহযোগিতা করা যেতে পারে সেজন্য ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ নামে একটি কমিটি কাজ করছে।
কমিটির প্রতিবেদনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি বলেন, প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার, অধ্যাপক আমিনা পারভিন, অধ্যাপক জহির বিন আলম, আবু হেনা পহিল প্রমুখ।
সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাকে গত ৩ সেপ্টেম্বর বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে কুপিয়ে জখম করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র বদরুল আলম, যিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক। খাদিজা এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে হামলার শিকার হন। খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।
ঘটনার পর হামলাকারী বদরুলকে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পুলিশ তাকে আটক করেছে।
