সাভারে বাড়ির ছাদে যুবকের ক্ষতবিক্ষত লাশ
ঢাকার সাভারে একটি বাড়ির ছাদ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আরিফ মিয়া (২৮) সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার হযরত আলীর ছেলে।
রোববার ভোরে একই মহল্লার সামছুন নাহারের বাড়ির ছাদে তার মৃতদেহ পাওয়া যায় বলে সাভার মডেল থানার এসআই ফজলুল হক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
নিহতের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরিফ মাদকাসক্ত ছিল। ওই বাড়িতে প্রায়ই নেশার আড্ডা বসতো।”
