২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সাবেক স্ত্রীকে হত্যা, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 02:33 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

শুক্রবার রাতের এ ঘটনার পর স্বামী সুমন আলীকে আটক করা হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার এসআই মো. কামরুজ্জামান।

নিহত ফারজানা আকতার সীমা (২২) শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের নূর আলমের মেয়ে।

আহতরা হচ্ছেন সীমার মা বিলুয়ারা বেগম ও ভাই কামরুজ্জামান।

এসআই আহতদের বরাত দিয়ে বলেন, বছর চারেক আগে একই গ্রামের আমির হোসেনের ছেলে সুমনের সঙ্গে সীমার বিয়ে হয়। বনিবনা না হওয়ায় প্রায় এক বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে। সুমন মাঝেমধ্যে তার আড়াই বছরের ছেলেকে দেখতে সীমার বাবার বাড়ি যেতেন।

“সীমার মা বিলুয়ারা বেগম সুমনকে বাধা দেওয়ায় সুমন তাকে ছুরিকাঘাত করেন। সীমা ঠেকাতে গেলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সুমন। ফলে ঘটনাস্থলেই সীমার মৃত্যু হয়।”

এছাড়া সীমার ভাই কামরুজ্জামান ঠেকাতে গেলে সুমন তাকেও ছুরিকাঘাত করেন বলে জানান এসআই কামরুজ্জামান।

তিনি বলেন, আহত বিলুয়ারা ও তার ছেলে কামরুলকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বিলুয়ারার অবস্থার অবনতি হলে রাতেই তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“ঘটনার পর পুলিশ রাতেই সুমনকে গ্রেপ্তার করেছে।”

এ ঘটনায় নিহত সীমার ভাই কামরুজ্জামান বাদী হয়ে শনিবার দুপুরে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান এসআই কামরুজ্জামান।