শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি পারাপার শুরু
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে ফেরি আটকে পারাপার বন্ধ থাকার পর ফের চালু হয়েছে।
বুধবার রাত পৌনে ১২টার দিকে জোয়ারের পানি আসার পর আটকে থাকা ফেরিটি সরানো হয় বলে জানান বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ খালেদ নেওয়াজ।
তিনি বলেন, বুধবার বিকালে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডুবোচরে আটকে গেলে পারাপার বন্ধ করে দেওয়া হয়।
“পরে রাত পৌনে ১২টার দিকে জোয়ারের পানি আসার পর আটকে থাকা ফেরিটি সরানো হয়। লৌহজং টার্নিংয়ে নাব্য সংকট ও চ্যানেল সরু হওয়ায় ফেরি স্বাভাবিকভাবে চলতে পারছে না।”
অন্যদিকে বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) মো. সুলতান উদ্দিন আহমেদ খান বুধবার বলেছিলেন, চ্যানেলে কোনো নাব্য সঙ্কট নেই। রো রো ফেরি রুহুল আমিন আউট চ্যানেলে ডুবোচরে আটকা পড়েছে।
“এই ফেরিটি বারবার আউট চ্যানেলে আটকে যাচ্ছে আর দোষ দেওয়া হচ্ছে নাব্য সঙ্কটের। সব চ্যানেলেই ১০ ফুটের বেশি পানি রয়েছে।”
অন্যদিকে রো রো ফেরি ৬ ফুট গভীরেই চলতে পারে বলে জানান বিআইডব্লিউটিসির মেরিন অফিসার মো. শাহজাহান খান।
