২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেল মুখে ফেরি আটকা, শিমুলিয়া-কাওড়াকান্দি পারাপার বন্ধ

পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে ফেরি আটকে যাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি পারাপার বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 09:10 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বুধবার বিকালে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন লৌহজং টার্নিং পয়েন্টের মুখে ডুবোচরে আটকে গেলে পারাপার বন্ধ করে দেওয়া হয় বলে বিআইডব্লিউটিসির মেরিন অফিসার মো. শাহজাহান খান জানান।

চ্যানেল মুখে ফেরিটি আটকে থাকায় শিমুলিয়াগামী আরও চারটি নদীতে ভাসছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা বলেন, ফেরি উদ্ধারের চেষ্টা করেও সন্ধ্যা ৭টা নাগাদ উদ্ধার সম্ভব হয়নি। এখন জোয়ারের অপেক্ষা করা হচ্ছে। রাত ১২টার দিকে জোয়ারের পানি বাড়লে ফেরি টাগবোট দিয়ে টেনে সরিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, রো রো ফেরি চলতে পানির গভীরতা প্রয়োজন সাড়ে ৬ ফুট।  লৌহজং চ্যানেলে পানির গভীরতা রয়েছে সাড়ে ৬ ফুট। কখনও বা এর চেয়ে কমে যাচ্ছে। তাছাড়া চ্যানেলটি সরু হওয়ায় যদি কোনো কারণে একটি ফেরি আটকে যায় তাহলে সমস্যা হয়ে যায়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, লৌহজং টার্নিংয়ে নাব্য সঙ্কট এবং চ্যানেল সরু হওয়ায় ফেরি স্বাভাবিকভাবে চলতে পারছে না। নাব্য সঙ্কটের কারণে একটি বাস, ৬টি ট্রাক ও ১২টি হালকা বা ছোট গাড়ি নিয়ে রওনা দিয়েছিল রো রো ফেরি রুহুল আমিন। কিন্তু লৌহজং টার্নিং পয়েন্টের কাছে যেতেই ডুবোচরে আটকে যায়।

তবে বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) মো. সুলতান উদ্দিন আহমেদ খান বলেন, “বিআইডব্লিউটিসি নিজেদের ব্যর্থতা আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। চ্যানেলের মধ্যে কোনো নাব্য সঙ্কট নেই। ১০ ফুটের নিচে চ্যানেলে কোনো পানি নেই।

“রো রো ফেরি রুহুল আমিন আউট চ্যানেলে ডুবো চরে আটকা পড়েছে। এই ফেরিটি বার বার আউট চ্যানেলে আটকে যাচ্ছে আর দোষ দেওয়া হচ্ছে নাব্য সঙ্কটের।”