২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের লাঠিপেটায় ভবদহের জলাবদ্ধ মানুষের অবরোধ পণ্ড

পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়ে গেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 07:19 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

বুধবার অভয়নগরের নওয়াপাড়ায় সংগ্রাম কমিটির অবরোধে পুলিশের এ লাঠিপেটায় কমিটির প্রধান উপদেষ্টা ও ওয়ার্কার্স পার্টি যশোর শাখার সভাপতি ইকবাল কবির জাহিদসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল বলেন, সকাল থেকে জলাবদ্ধ এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়ার প্রেমবাগ এলাকায় আসতে শুরু করে। কিন্তু পথে পথে পুলিশ তাদের বাধা দেয়।

“বেলা সাড়ে ১১টার দিকে জলাবদ্ধ সহস্রাধিক মানুষ নূরবাগ এলাকায় রাস্তার ওপর বসে পড়লে পুলিশ তাদের ওপর হামলা চালালে লাঠির আঘাতে সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়সহ ৬০-৭০ জন আহত হন।”

তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।

ইকবাল কবির জাহিদ অভিযোগ করেন, পুলিশ বিনা উস্কানিতে জলাবদ্ধ এলাকার দুর্গত মানুষের ওপর হামলা চালিয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি আনিসুর রহমান বলেন, আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশি হামলার কথা অস্বীকার করে তিনি বলেন, “জলাবদ্ধ এলাকার মানুষের জন্যে সরকার ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। তাদের সড়ক অবরোধ করার কী দরকার!”

এদিকে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে স্থানীয় পশু হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জলাবদ্ধ এলাকাবাসী। সমাবেশে পুলিশের হামলায় আহত ইকবাল কবির জাহিদসহ অন্য নেতারা বক্তৃতা করেন।

গত দুই মাসের জলাবদ্ধতায় রয়েছে ভবদহ এলাকার মানুষ। পানি নিষ্কাশনে মাত্র একটি এসকেভেটর ব্যবহার করায় পানি নামছে খুব ধীরে। দ্রুত পানি নামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জলাবদ্ধ যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুরের মানুষ আন্দোলন-সংগ্রাম করছে।

পানি থেকে বাঁচতে সংগ্রাম কমিটির আন্দোলনের কর্মসূচি হিসেবে গত ৩০ সেপ্টেম্বর এ অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী জানান, সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু পুলিশ তাদের রাস্তায় জড়ো হতেই দেয়নি। এছাড়া পুলিশ নারী-পুরুষ-নির্বিশেষে লাঠিপেটা করে আহত করেছে।