২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবানবন্দি দিতে আদালতে বদরুল

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমকে কোপানোর মামলায় জবানবন্দি দিতে ছাত্রলীগ নেতা বদরুল আলমকে আদালতে হাজির করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 04:41 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

বুধবার দুপুরে তাকে আদালতে তোলা হয় বলে জানান সিলেটের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ।

তিনি বলেন, বেলা ৩টার দিকে জবানবন্দি গ্রহনের জন্য বদরুলকে আদালতে আনা হয়। মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হচ্ছে।

গত সোমবার বিকালে এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা শেষে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।

প্রত্যয়ক্ষদর্শীর তথ্য অনুযায়ী, তাকে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।

বদরুলকে সোমবার ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আসামি করে সিলেটের শাহ পরাণ থানায় মামলা করেছেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস। এঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছে বদরুলকে।

আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে মধ্যরাতে তাকে ঢাকায় আনা হয়।

মঙ্গলবার বিকালে তার অস্ত্রোপচারের পর স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউস সাত্তার বলেছিলেন, মাথায় মারাত্মক আঘাত পাওয়া এই কলেজছাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা ৫ থেকে ১০ ভাগ।

পরিস্থিতির উন্নতি হলে তার হাতসহ শরীরের অন্য জখমের জন্যে ‘অর্থোপেডিক চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছিলেন নিউরোসার্জন সাত্তার।