২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকা ‘আত্মসাৎ’, বরিশালে ঠিকাদার গ্রেপ্তার

কোটি টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল নগরীরর এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 04:37 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

মঞ্জুরুল আহসান ফেরদৌসকে বুধবার নগরীর হাতেম আলী কলেজ এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান কমিশনের পরিচালক মো. আক্তার হোসেন।

ঠিকাদারি ব্যবসা ছাড়াও ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি কীর্তনখোলার মালিক মঞ্জুরুল আহসান।

কমিশনের পরিচালক মো. আক্তার হোসেন বলেন, বিশ্বব্যাংক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জে একটি প্রকল্পে দায়িত্ব দিয়েছিল মঞ্জুরুল আহসান ফেরদৌসের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মঞ্জুরুল আহসান এ্যান্ড কোংকে।

“এক কোটি দুই লাখ টাকার এই প্রকল্পে কোনো কাজ না করেই পুরো টাকা আত্মসাৎ করেন ফেরদৌস। তদন্তে নেমে দুর্নীতি দমন কমিশন প্রমাণ পায়।”

এ ঘটনায় মঙ্গলবার ফেরদৌসসহ ১০ জনকে আসামি করে সুনামগঞ্জের ধর্মপাশা থানায় দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত মামলা করেন বলে জানান দুদক কর্মকর্তা আক্তার হোসেন।