ছাতকে বাস খাদে পড়ে নিহত ৩
সুনামগঞ্জের ছাতকে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে; যার চালক মোবাইল ফোনে কথা বলছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার জাতুয়া এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ।
নিহতরা হলেন দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের মৌসুমি পাল (২৪), একই উপজেলার রাধা রানী পাল (৪৫) ও বাস চালকের সহকারী; যার নাম জানা যায়নি।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং কৈতক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, সিলেট থেকে সুনামগঞ্জের দিরাই যাচ্ছিল বাসটি। জাতুয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে তা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, চালক মোবাইল ফোনে কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।
