২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

ঢাকার সাভারে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির ‘বখাটে’ ছেলের বিরুদ্ধে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে, যার বয়স ৯০ বছর বলে জানিয়েছেন স্বজনরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 09:39 PM

Updated : 11 Oct 2022, 08:48 PM

এ ঘটনার পর ওই যুবকের স্বজনরা বৃদ্ধার কুড়েঘরটি তছনছ করেছে বলেও দাবি করছেন তার স্বজনরা।

জিনজিরা এলাকায় রোববার গভীর রাতে এ ঘটনাটি তদন্ত করছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় হাজী দানেস আলীর ছেলে মামুনূর রশিদ মামুন (৩০) এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বৃদ্ধার মেয়ের।

বৃদ্ধার ষাটোর্ধ্ব বয়সী মেয়ে সাংবাদিকদের বলেন, সাত বছর আগে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার ভাঙনের কারণে সহায়সম্বলহীন অবস্থায় সাভারে আসে ওই বিধবা বৃদ্ধার পরিবার। পরে জিনজিরা এলাকায় প্রভাবশালী হাজী দানেস আলীর পতিত জমিতে কুড়েঘর বানিয়ে মেয়ে ও দুই নাতনি নিয়ে বসবাস শুরু করেন তারা।

বৃদ্ধার মেয়ে আরও বলেন, কিছুদিন থেকে ‘বখাটে’ মামুনূর রশিদ মামুন তাকে (বৃদ্ধার মেয়ে) ও তার মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে।

তখন তার গার্মেন্টকর্মী দুই মেয়েকে অন্যত্র বাসা ভাড়া করে সরিয়ে দেন এবং নিজে পাশের একটি বাড়িতে ভাড়া চলে যান; কিন্তু তার ৯০ বছর বয়সী মা সেখানে থেকে যান, বলেন বৃদ্ধার মেয়ে।

তিনি বলেন, রোববার ভোর রাতে পুলিশের তাড়া খেয়ে পালাতে এসেছে বলে মামুন বৃদ্ধার ঘরে ঢুকে ধর্ষণ করে চলে যায়। ওই সময় সংজ্ঞা হারিয়ে ফেললে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনা জানাজানি হওয়ার পর সোমবার হাজী দানেস আলী ও তার দুই ছেলে বৃদ্ধার ছাপড়া ঘরটি তছনছ করে দেয় বলে তিনি অভিযোগ করেন।  

তবে ধর্ষণের ঘটনা ও তার বাড়িঘর তছনছ করার কথা অস্বীকার করেছেন হাজী দানেস আলী।

এ ব্যাপারে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান জানান, বৃদ্ধাকে ধর্ষণের খবর পেয়ে সোমবার বিকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ওই ‘বখাটের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।