২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরিয়ানি নিয়ে মারামারি: কাঠগড়ার খাঁচার আকার বৃদ্ধি

নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামিদের বিরিয়ানি নিয়ে মারামারির পর আদালতের কাঠগড়ার লোহার খাঁচা বড় করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 09:06 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

সোমবার সাত খুনের দুটি মামলায় মামলার কার্যক্রম চলাকালে বিষয়টি নজরে আসে।

এ ব্যাপারে আদালত পুলিশের পরিদর্শক সোহেল আলম বলেন, জেলা ও দায়রা জজ আদালতে গুরুত্বপূর্ণ অনেক মামলা বিচারাধীন আছে। অনেক মামলায় আসামির সংখ্যা বেশি। এছাড়া গরমের কারণে কাঠগড়ার খাঁচা বড় করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর দুপুরে আদালত চলাকালে খাবার বিরতিতে বিরিয়ানি না পেয়ে কাঠগড়ার লোহার খাঁচায় নূর হোসেনকে হাবিলদার এমদাদ হোসেন চড়-থাপ্পড় দেন। এসময় নূর হোসেনের অনুসারী হিসেবে পরিচিত মর্তুজা জামান চার্চিল হাবিলদার এমদাদ হোসেনকে কিলঘুষি দেন।

এরপরের ধার্য তারিখ ২৯ সেপ্টেম্বর খাবার বিরতিতে ২৩ আসামিকে আদালতের কাঠগড়া থেকে কঠোর নিরাপত্তায় কোর্ট হাজতখানায় নিয়ে বিরিয়ানির পরিবর্তে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে দেওয়া চিড়া ও গুড় খাওয়ানো হয়।

তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে

সকাল সাড়ে ৯টা হতে দুপুর সোয়া ১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাত খুনের দুই মামলার তদন্তকারী কর্মকর্তাকে চতুর্থ দিনের মতো জেরা করেছেন আইনজীবীরা।  

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মামলা দুটিতে গ্রেপ্তার নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

নূর হোসেনের পক্ষে অসমাপ্ত জেরা শেষ করেন তার আইনজীবী খোকন সাহা।  এছাড়া অপর আসামি র‌্যাবের এস আই পূর্ণেন্দু বালার পক্ষে তার আইনজীবী আহসানউল্লাহ তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন।

পিপি ওয়াজেদ আলী খোকন জানান, শুনানি শেষে আগামী বৃহস্পতিবার (৬ অক্টোবর) পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিনও তদন্তকারী কর্মকর্তাকে জেরা করা হবে।

সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী নিহত আইনজী চন্দন সরকারের মেয়েজামাই বিজয় কুমার পাল ও অপর বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী হলো ১২৭ জন করে। এদের মধ্যে ১০৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে জেরা শুরু হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, তদন্তকারী কর্মকর্তা কীভাবে মামলা তদন্ত করেছেন এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করছেন।

সংক্ষিপ্ত জেরা গ্রহণ করে আদালত আগামী ৬ অক্টোবর পর্যন্ত জেরা মুলতবি ঘোষণা করেছেন বলে কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, কঠোর নিরাপত্তায় কারাগার থেকে ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আসামিদেরকে কোনো ধরনের বিশৃংখলা সৃষ্টির সুযোগ দেওয়া হয়নি।