২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে গ্রাহকের ‘টাকা ছিনতাই’

সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা থেকে এক ব্যবসায়ীর তিন লক্ষাধিক টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 03:06 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

সিসি ক্যামেরা নষ্ট থাকায় ছিনতাইকারীকে শনাক্ত করা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন ওই ব্যবসায়ী।

শহরের ভুসিমাল ব্যবসায়ী মানিক আগরওয়ালা বলেন, সোমবার বেলা ১১টায় ব্যাংকের টাকা জমা দেওয়ার কাউন্টারের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

“একটি ব্যাগে করে ৩ লাখ ২৭ হাজার টাকা নিয়ে ব্যাংকে এসেছিলাম। অনলাইন কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকার সময় এক ছিনতাইকারী এসে ধারালো অস্ত্র দিয়ে ব্যাগ কেটে টাকা নিয়ে চম্পট দেয়।”

ঘটনার সঙ্গে সঙ্গে মানিক বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালেও সিসি ক্যামেরা নষ্ট থাকায় ছিনতাইকারীকে শনাক্ত করা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মানিকের বাবা ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরওয়ালা বলেন, এর আগেও এ শাখা থেকে কৌশলে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

“গুরুত্বপূর্ণ একটি ব্যাংকের ৯টি সিসি ক্যামেরা নষ্ট থাকার পরও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।”

ব্যাংকের ব্যবস্থাপক মো. মাহববুর রহমান বলেন, “সিসি ক্যামেরাগুলো প্রায়ই নষ্ট হয়ে যায়। মেরামত করলেও ঠিক থাকে না। আমরা এ ব্যাপারে আরও আন্তরিক হব।”