জয়পুরহাটে ‘চুরি’ যাওয়া শিশু উদ্ধার
জয়পুরহাটে একদিন আগে ‘চুরি’ যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
আটক মুর্শিদা বেগম পাঁচবিবি উপজেলার শিরট্টি গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।
সোমবার দুপুরে জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নওগাঁর ধামুইরহাট থেকে রোববার দুপুরে শিশু তামান্নাকে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনেন বাবা বজলুর রশিদ। বিনা খরচে উন্নত চিকিৎসার কথা বলে এক নারী সেখান থেকে তাদের শহরের পদ্মা ক্লিনিকে নিয়ে আসেন।
“ওই নারী কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। শিশুটিকে না পেয়ে বিকালে থানায় মামলা করেন তার বাবা।”
সোমবার দুপুর ১২টার দিকে শহরের একটি বাসা শিশুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বাসার এক নারীকে আটক করা হয় বলে জানান ওসি ফরিদ।
মুর্শিদা শিশু চুরির বিষয়টি অস্বীকার করে বলেন, “আমার কোনো সন্তান না থাকায় বজলুরের কাছ থেকে চার হাজার টাকায় শিশুটি কিনে নিয়েছি।”
পরে জিজ্ঞাসাবাদের সন্তান বিক্রির বিষয়টি বজলুরর স্বীকার করেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
